নান্নুর মৃত্যুর রহস্য উদঘাটনে স্ত্রী-শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৮ ১৯:৫৩:২১


অগ্নিদগ্ধ হয়ে একমাত্র ছেলে পিয়াসের পর দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনে স্ত্রী-শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কারণ ঘটনার রাতে ওই বাসায় সাংবাদিক নান্নু ছাড়াও ছিলেন স্ত্রী পল্লবী ও শাশুড়ি।

এ বিষয়ে গুলশান বিভাগ পুলিশ, ফায়ার সার্ভিস, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।

অন্যদিকে সাংবাদিক নান্নুর পিচ তাজমহল অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। ভিডিও ফুটেজে অগ্নিকাণ্ড পরবর্তী মুহূর্তের অনেক ঘটনা দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রাজধানীর আফতাবনগরে নিজ ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হয়ে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর রহস্য উদঘাটনের তিনটি সংস্থা ১৭ জুন ঘটনাস্থল পর্যবেক্ষণ ও আলামত (ক্রাইম সিন) সংগ্রহ করে। একাধিকার ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন বিভাগ। আগুনের সূত্রপাতে গ্যাসের লাইনের কোনো দায় ছিল কিনা তা খতিয়ে দেখছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তাদেরও পৃথক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

গুলশানের এডিসি ও তদন্ত কমিটির প্রধান হুমায়ুন কবির বলেন, নান্নুর মৃত্যু রহস্যজনক। এ কারণে রহস্য উদঘাটনের জন্য আমরা অনেকের সাথেই কথা বলছি। কিছু আলামত জব্দ করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে তার স্ত্রী ও শাশুড়ির সঙ্গে কথা বলা হবে। তারা এখন গ্রামে আছেন ঢাকায় ফিরলেই আমরা কথা বলবো।
সানবিডি/ঢাকা/এসএস