রিজেন্ট হাসপাতালের এমডিসহ পরিবারের তলব করবে বিএফআইইউ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৭-০৮ ১৯:৪০:১৩
করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা না করেই সনদ প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও তার পরিবার সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব তলব ও খতিয়ে দেখবে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই কাজটি করবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান আবু হেনা মো. রাজী হাসান।
এদিকে, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেছে, শিগগিরই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আইনের আওতায় আনা হবে। তাকে খুঁজছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অন্যদিকে, আটক হওয়া সাতজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। উত্তরা পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার পরিদর্শক আলমগীর গাজী। শুনানি শেষ ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন- রিজেন্ট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব (১), হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব (২), হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, রিজেন্ট গ্রুপের প্রকল্প প্রশাসক মো. রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা অমিত বণিক, রিজেন্ট গ্রুপের গাড়িচালক আবদুস সালাম ও হাসপাতালের কর্মী আবদুর রশিদ খান জুয়েল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












