চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল পোড়ালো কোস্টগার্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২৬ ১৬:৪২:৫৫


চাঁদপুরে অভিযান চালিয়ে ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। আজ রবিবার (২৬ জুলাই) দুপুর ২টায় মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া গ্রামের একটি বাড়ি থেকে জালগুলো জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

এ ব্যাপারে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্টগার্ডের চাঁদপুর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অলিদুজ্জামানের সমন্বয়ে জেলার উত্তর মতলব থানার মেঘনা নদী সংলগ্ন ইনদুরিয়া গ্রামের মোক্তার হোসেনের ঘরে অভিযান চালানো হয়। সেখানে অভিযানে ২০ লাখ মিটার নতুন কারেন্ট জাল পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা। এই কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করার পর, তিন তা পুড়িয়ে ধ্বংস করেন।

এএসএম লুৎফর রহমান জানান, মৎস্য সম্পদ রক্ষার জন্য তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সানবিডি/এনজে