মহামারি সামাল দেয়ার পর অন্যকিছু : স্বাস্থ্য ডিজি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২৭ ২৩:২৪:৪৪


সদ্যই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন  ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।তিনি বলেছেন, আমার প্রথম কাজ হবে মহামারি সামাল দেয়া। কারণ আগে তো বাঁচি, তারপর অন্যকিছু। বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইনে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি মানুষের আস্থা ফেরানোর বিষয়ে নতুন ডিজি বলেন, এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই। আপনারা এক মাস দুই মাস দেখেন আমরা কাজ করি, তারপর মূল্যায়ন করবেন। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই আস্থা ফেরাতে পারব।

তার অধিদপ্তরের দুর্নীতি প্রসঙ্গে ডা. আবুল বাসার বলেন, আমি সবে মাত্র দায়িত্ব নিয়েছি। এখানকার বিষয়ে বলতে পারব না।

তবে করোনা পরিস্থিতির মধ্যে আমরা চিকিৎসকরা মানুষেকে সেবা দেয়ার শতভাগ চেষ্টা করেছি। করোনার শুরুতে সবার এ ভাইরাস সম্পর্কে সুষ্ঠু ধারণা ছিল না, তাই সবারই ভয় ছিল। কিন্তু এখন অনেকটা কেটে গিয়েছে।