আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৭-২৮ ১৯:৫৬:১০
দেশে অনাকাঙ্খিত জঙ্গি হামলার আশঙ্কাকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহায় পুলিশ,র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ঈদের আগে জঙ্গি হামলার আশঙ্কার ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন, জঙ্গি হামলা নিয়ে কথা যদি বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন, জঙ্গিদের উত্থানের একটা প্রচেষ্টা ছিল, দেশের অনেক জায়গায় জঙ্গির আবির্ভাব হয়েছিল।
তিনি আরো বলেন দেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বানানো, অকার্যকর বানানোর একটা প্রচেষ্টা ছিল। সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবিলা ও অত্যন্ত প্রফেশনালি হ্যান্ডেল করেছে।’
তিনি বলেন, ‘আজকে সেজন্য জঙ্গি বলুন, সন্ত্রাস বলুন এগুলো থেকে দেশ রেহাই পেয়েছে। কিন্তু আমি সব সময়ই বলেছি জঙ্গি আমরা কন্ট্রোলে এনেছি কিন্তু একদম সমূলে উৎপাটন করতে পারিনি। ছোট ছোট স্লিপিং সেল এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে রয়েছে। সেগুলোর কার্যকারিতা তেমন কিছু নেই। মাঝে মাঝে তাদের উপস্থিতি বোঝাবার জন্য কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে। সেগুলো আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব যথার্থভাবেই দমন করছে।’
এ সময় মন্ত্রী বলেন, ‘আপনারা যেটা শুনেছেন, মাঝে মাঝে গোয়েন্দারা জানাচ্ছে। সেজন্য নিরাপত্তা বাহিনী যা যা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেয়া দরকার সেগুলো করছে। পুলিশ, র্যাব সতর্ক অবস্থায় রয়েছে’।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনৈতিক এলাকা ও ধর্মীয় উৎসব স্থলসহ সব জায়গায় নিরাপত্তা বাহিনী কাজ করছে ও সতর্ক রয়েছে। আমি মনে করি তাদের সেই সক্ষমতা নেই। দেশের মানুষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। তাদের সম্পর্কে সব সময় আমাদের অবহিত করছেন। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে সফল হয়েছিল।’
হাসপাতালগুলোতে অভিযান বন্ধ কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মোটেও বন্ধ হয়নি। যারাই এটা (করোনার ভুয়া সনদ) করবে আমরা তাদেরকে ধরব, এটা হলো মূল কথা। এটা চলবে। আমাদের ডিরেকশন ছিল তথ্যভিত্তিক হতে হবে। কাউকে যেন হয়রানি করা না হয়। এখনও সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













