অস্ত্র মামলায় বিচার শুরু হলো সাহেদের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৭ ১৪:০৪:০৩
প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে অস্ত্র আইনের মামলায় আনুষ্ঠানিকভাবে সাহেদের বিচার শুরু হলো।
এর আগে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন। সে অনুযায়ী বৃহস্পতিবার শুনানি নিয়ে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। অভিযোগ গঠনের সময় সাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। খবর ইউএনবির
গত ১৩ আগস্ট ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াত মামলার অভিযোগপত্রে স্বাক্ষর করেন এবং পরে মামলার নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন।
৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে আসামি সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













