মিউচ্যুয়াল ফান্ড ভবিষ্যতে পুঁজিবাজারের মেরুদণ্ডে পরিণত হবে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১০ ২০:০৪:৩৫
ভবিষ্যতে মিউচ্যুয়াল ফান্ড খাতটি পুঁজিবাজারের মেরুদণ্ডে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেন, এই খাতের বাজার মূলধন আগামী ৫ বছরের মধ্যে বাজার ২০ শতাংশ হবে।
তিনি বলেন, পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর যে সফলতা পাওয়ার কথা ছিলো তা কাঙ্খিত মাত্রায় হয়নি। অবশ্য আমাদের বাজারে দীর্ঘ মন্দাবস্থা অন্যদেশের তুলনায় দীর্ঘস্থায়ী ছিলো। কিন্তু নানা সুযোগ থাকলেও দেশের ফান্ড ম্যানেজাররা বিনিয়োগের ক্ষেত্রের দক্ষতার পরিচয় দিতে পারেনি।
শনিবার (১০ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) আয়োজিত “পুঁজিবাজার ও দেশের অর্থনীতিতে মিউচ্যুয়াল ফান্ডের গুরুত্ব” শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ আল তারিক।
মিজানুর রহমান বলেন, ২০১১ সালের একটি আইনের মাধ্যমে দেশের মিউচুয়াল ফান্ডগুলো পরিচালিত হয়। বিদ্যমান আইনে ফান্ড ম্যানেজারদের বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। ওই আইনে ৪০ শতাংশ তালিকাভুক্ত কোম্পানি, ৩০ শতাংশ ডিবেঞ্চারসহ অন্যান্য পণ্য এবং বাকি ৩০ শতাংশ অতালিকাভুক্ত কোম্পানিগুলোতে বিনিয়োগের সুযোগ ছিল। শিক্ষিত বিনিয়োগকারী হিসেবে ফান্ড ম্যানেজাররা মাকের্টের গতিবিধি বুঝতে বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি। ফলে সাম্প্রতিক সময়ে ফান্ডগুলো থেকে বিনিয়োগকারীরা কাঙ্খিত লভ্যাংশ পায়নি। ফান্ডগুলো মার্কেটকেও গতিশীল করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের কাছে জবাবদিহিতা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বর্তমান কমিশন আইন-কানুন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। এই কমিশন চায় অর্থনীতিতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। সেই লক্ষ্য নিয়েই কমিশন কাজ করছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতেও দেশের অর্থনীতি সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার বড় কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব। তিনি নেতৃত্ব দিচ্ছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













