বাংলাদেশে প্রথমবার কনুইয়ের জয়েন্টসহ সম্পূর্ণ বাহু প্রতিস্থাপন

সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৯-১২ ২০:১০:২০


বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানে যুক্ত হলো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাজধানীর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে বাংলাদেশে প্রথমবারের মতো কনুইয়ের জয়েন্টসহ সম্পূর্ণ বাহু প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে সাত সদস্যের একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড প্রায় চার ঘণ্টার জটিল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।

ক্যানসারে আক্রান্ত অঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করে ক্যানসার আক্রান্ত অংশ অপসারণের মাধ্যমে অঙ্গের কার্যকারিতা ধরে রাখার আধুনিক চিকিৎসাপদ্ধতি ‘লিম্ব স্যালভেজ’ নামে পরিচিত। এই অস্ত্রোপচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল ক্যানসারমুক্ত সুনির্দিষ্ট সীমা নিশ্চিত করা এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ুর কার্যকারিতা সংরক্ষণ করা।

অস্ত্রোপচারের সময় ভাস্কুলার সার্জন ডা. এস এম পারভেজ আহমেদ সোহেল গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ুসমূহ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আক্রান্ত অংশ অপসারণের পর রোগীর শারীরিক প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে তৈরি কৃত্রিম প্রস্থেসিস সফলভাবে প্রতিস্থাপন করা হয়।

উল্লেখ্য, একই বিশেষজ্ঞ দল ২০১৯ সালে বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ উরুর হাড় প্রতিস্থাপন করেও সাফল্য অর্জন করেছিল। যুক্তরাজ্যের বার্মিংহামের রয়্যাল অর্থোপেডিক হসপিটাল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের এই অর্জন দেশে জটিল অনকোলজি ও অর্থোপেডিক চিকিৎসার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। এই সাফল্য বাংলাদেশে উন্নত, আধুনিক ও তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসাসেবা দেশেই নিশ্চিত করার সম্ভাবনাকে আরও বিস্তৃত করবে।

এএ