জনগণের টাকা পুঁজিবাজারের মাধ্যমে শিল্পায়নে ব্যবহার করতে চাই

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১১ ১৪:০০:৪৫


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুর রহমান বলেছেন, জনগণের টাকা পুঁজিবাজারের মাধ্যমে শিল্পায়নে ব্যবহার করতে চাই।

তিনি বলেন, বিনিয়োগকারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন না। তারা যতো সচেতন হবে বিনিয়োগ ততো নিরাপদ হবে।

রোববার (১১ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত “ব্রোকার সার্ভিস অ্যান্ড ইনভেস্টরস রাইট” শীর্ষক ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান।

ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রোকার হাউসের সেবাসমূহ ও বিনিয়োগকারীর অধিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামছুদ্দিন আহমেদ।

মো. সাইফুর রহমান বলেন, অনেক বিনিয়োগকারী না বুঝেই বিনিয়োগ করেন। এর বড় কারণ তারা হাউজগুলোর দায়িত্বশীল ব্যক্তির সাথে কথা না বলে ট্রেডারদের সাথে কথা বলেন। অথবা অন্য বিনিয়োগকারীর কথা শুনেই বিনিয়োগ করেন। এতে তার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজে ও ব্রোকারেজ হাউজের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে বিনিয়োগ করুন। অন্যের উপর ভরসা করে বিনিয়োগ করবেন না।

তিনি বলেন, বিনিয়োগকারীরাই হচ্ছেন আমাদের প্রাণ। মার্কেট ক্যাপিটাল টু জিডিপিতে অবদান বাড়াতে পারে শুধু বিনিয়োগকারীরাই। এ জন্য বিনিয়োগকারীদের অধিকার তাদের জানাতে হবে। তাদের সচেতন করতে হবে। ব্রোকার হাউজগুলোর দায়িত্ব কোন খাতে বিনিয়োগ করলে ক্ষতি কম হবে তা বিনিয়োগকারীদের জানানো। আপনার সচেতনতাই আপনার সম্পদ রক্ষা করতে পারে।