বাস্তচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু না হওয়ায় চীনের উদ্বেগ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১১ ২০:০৫:৩৬


২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা।আশ্রয় নেয়া এই রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং উদ্বেগ প্রকাশ করেছেন। আজ রোববার (১১ অক্টোবর) ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে এ উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য জানায়।

এই বার্তায় বলা হয় , ড. মোমেন রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করেছেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে তারা এ এলাকার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। কিছু রোহিঙ্গা মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

এসময় সম্প্রতি মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানোর ফলে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন। ড. মোমেন উল্লেখ করেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য প্রদান এবং জীবনমানের উন্নয়ন এ সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। বরং তাদের প্রত্যাবাসনের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান দরকার। চীনের রাষ্ট্রদূত এ বিষয়ে তার সঙ্গে একমত প্রকাশ করেন।

সানবিডি/এনজে/৮:০৫/১০.১১.২০২০