২ হাজার কোটি টাকায় এক লাখ মানুষের কর্মসংস্থান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১২ ১০:১৪:১৯


বর্তমানে দেশের জিডিপির মোট ৫২ শতাংশ অবদান রাখছে অপ্রাতিষ্ঠানিক ও রেমিট্যান্স খাত।তবে এর মধ্যে অপ্রাতিষ্ঠানিক খাতের অবদান প্রায় ৪০ শতাংশ। আর করোনা মহামারিতে দেশের এ দুটি খাতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অপ্রাতিষ্ঠানিক খাতসংশ্লিষ্ট সাড়ে ছয় কোটি মানুষের মধ্যে চাকরি হারিয়েছে কিংবা পুঁজি হারিয়ে পথে বসেছে কয়েক কোটি মানুষ। আর বিশ্বের ১৬০টি দেশে থাকা এক কোটি প্রবাসীর মধ্যে করোনাকালে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন তিন লাখ কর্মী। একটা সময় স্বজনের মুখে হাসি ফোটানো এসব মানুষ এখন পরিবারের বোঝায় পরিণত হয়েছেন।

মহামারি করোনার ছোবলে বেকার হয়ে পড়া বিপুল এই জনসম্পদের কর্মসংস্থানে বিশ্বব্যাংকের সহায়তায় একটি বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার। ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট বা রেইজ’ শীর্ষক এই প্রকল্পে এক লাখ লোকের চাকরির পাশাপাশি তাদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা হবে। বিদেশফেরতদের উদ্যোক্তা বানাতে পুঁজি কিংবা আবারও বিদেশে চাকরির বাজারে ঢুকতে আনুষঙ্গিক প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ নিয়ে দ্রুতই একটি পাইলট প্রকল্প চালু হচ্ছে। প্রকল্পে অপ্রাতিষ্ঠানিক খাত নিয়ে কাজ করবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। আর বিদেশফেরতদের নিয়ে কাজ করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ব্যাপারে পিকেএসএফের ডিএমডি ফজলুল কাদের বলেন, ‘ এই প্রকল্পটি চালু হলে তা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশে কর্মসংস্থানে এটি বড় ভূমিকা রাখবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুবই কম সুদে ঋণ পাবে। আগামী নভেম্বরেই পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে।’

সূত্রে জানা গেছে, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসীদের আয়ে ফিরিয়ে আনার এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে এক হাজার ২৭১ কোটি টাকা। বাকি প্রায় ৮৫০ কোটি টাকা দেবে পিকেএসএফ।

সানবিডি/এনজে/১০:১৫/১০.১১.২০২০