স্বস্তি ফিরেছে পুঁজিবাজারে!
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-১৩ ১৭:১৭:৫২
টানা দুদিন পতনের পর আজ মঙ্গলবার ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার। এদিন টাকার অঙ্কে লেনদেন কম হলেও বেড়েছে সব ধরনের সূচক। এতে স্বস্তি দেখা দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।
তারা বলছে, দীর্ঘ মন্দার পর গত ৪ মাস বাজার মোটামুটি স্থিতিশীল ছিলো। এ অবস্থায় বিনিয়োগকারীরা স্বস্তিতে বিনিয়োগ করতে শুরু করেছিলো। কিন্তু গত দুই কার্যদিবসের টানা পতনে কিছুটা ভয় ছিলো তাদের মধ্যে। কিন্তু আজ বাজারের উত্থানে সেই ভয় কেটে গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ৩৫৬ টি কোম্পানির শেয়ার। এরমধ্যে ৫২ শতাংশ বা ১৮৫টি কোম্পানির দর বেড়েছে। কমেছে ২৭ দশমিক ৫০ শতাংশ বা ৯৮টির এবং অপরিবর্তীত রয়েছে ২০ দশমিক ৫০ শতাংশ বা ৭৩টি কোম্পানির শেয়ার দর।
আলতাফ হোসাইন নামের একজন বিনিয়োগকারী বলেন, আমরা সাধারণ বিনিয়োগকারীরা বাজারের টানা পতন দেখলেই ভয় পেয়ে যাই। আমাদের ভয় পাওয়ার অনেক কারণও রয়েছে। বিগত সময়ে বাজারের টানা পতনের কারণে অনেকেই পুঁজি হারিয়ে নি:স্ব হয়ে গেছেন। তাই ভয় পাওয়া অস্বাভাবিক নয়।
জামিন উদ্দিন নামের একজন বিনিয়োগকারী বলেন, বীমা খাতে মার্জিন তুলে নেয়ার একটা গুজব বাজারে ছড়িয়ে পড়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছিলো। তবে আজ বাজারে গুজব কাজ করেনি। তারমতে, বাজার স্থিতিশীল রাখতে এসব গুজব শক্তহাতে দমন করতে হবে।
এদিকে, গত দুই কার্যদিবসে তিনটি বিষয়কে কেন্দ্র করে পুঁজিবাজারে পতন হয়েছে বলে মনে করেন স্টেক হোল্ডাররা। এগুলো হলো-ওয়ালটনের নতুন শেয়ার ইস্যু, বীমা খাতের শেয়ারে মার্জিন ঋণ বন্ধ ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ক্রয়ের সময়বৃদ্ধি সংক্রান্ত আলোচনা।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি সূত্র জানিয়েছে, কমিশন মার্জিন কমানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়া কমিশনের অন্যান্য সিদ্ধান্তগুলো যথাযথভাবে পালন করা হবে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্য করে সূত্রটি জানায়, কোনো গুজবে কান না দিয়ে জেনে বুঝে বিনিয়োগ করুন।
বাজার বিশ্লেষণে জানা গেছে, আজ মঙ্দিগলবার ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৪৯ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা। আগের কার্যদিবস লেনদেন হয় ৬৯৪ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকা। সে হিসেবে ডিএসইতে লেনদেন কমেছে ১০৪ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩০০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













