১০৪ টি ঝুঁকিপূর্ণ কোম্পানিতে আলোচনা স্বাপেক্ষে ঋণ দিবে ইউসিবি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১০-১৪ ১৭:২১:২১


বর্তমানে পুঁজিবাজারের তালিকাভুক্ত ১০৪টি কোম্পানি বেশি ঝুঁকিতে রয়েছে। এ জন্য বীমা খাতসহ ১০৪ টি কোম্পানির উপরে আলোচনা ব্যতীত মার্জিন বন্ধ রেখেছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। সম্প্রতি ইউসিবি পরিচালিত একটি গবেষণায় বেশি ঝুঁকিপূর্ণ এসব কোম্পানি চিহ্নিত করা হয়েছে।

ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু বীমা খাত নয় সামগ্রিক বিবেচনায় আলোচনা ছাড়া এসব কোম্পানিকে মার্জিন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউসিবি।

বিষয়টি নিয়ে ইউসিবি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা বলেন, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর উপর আমাদের ম্যানেজমেন্ট সব সময় একটি রিসার্চ পরিচালনা করেন। এই রিসার্চের প্রতিবেদন অনুযায়ী যেসব কোম্পানিতে রিস্ক বেশি থাকে সেসব কোম্পানিতে আলোচনা ব্যতীত মার্জিন বন্ধ রাখি। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত।

তিনি বলেন, রিসার্চের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ১০৪টি কোম্পানি রয়েছে রিস্ক বেশি। যেগুলোতে বর্তমানে আলোচনা ব্যতীত মার্জিন দেয়া বন্ধ আছে। সেই তালিকায় বীমা খাতের কোম্পানিগুলো রয়েছে। বিষয়টি নিয়ে একটি মহল অপপ্রচার চালিয়েছে এবং বাজারে গুজব ছড়িয়েছে যে আমরা শুধু বীমা খাতের কোম্পানি তে মার্জিন বন্ধ করেছি।

আলোচনার মাধ্যমে মার্জিন দেয়ার বিষয়ে তিনি বলেন, রিস্ক বেশি হওয়ার কারণে আমরা সরাসরি মার্জিন না দিয়ে আমাদের সাথে যারা আলোচনা করেন তাদেরকে আমরা মার্জিন দিয়ে থাকি। এবং এর মাধ্যমে গতকাল স্টার গ্রাহকদের আলোচনার প্রেক্ষিতে বীমার শেয়ারের বিপরীতে ১.৯৭ কোটি টাকা আমরা মার্জিন দিয়েছি। আজকেও আলোচনার প্রেক্ষিতে মার্জিন অব্যহত রয়েছে।

বিএসইসি কর্তৃক তলবের বিষয়ে তিনি বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুরো বিষয়টা বিস্তারিত জানতে ডেকেছিল। তাদেরকে পুরো বিষয়টা উপস্থাপন করা হয়। সম্পূর্ণ বিষয়ে জেনে কমিশন সতর্ক হতে বলেন। কারণ কোন একটি চক্র আমাদের বিষয়ে গুজব ছড়িয়েছে এবং ক্ষতি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ম্যানেজমেন্ট একটি কমিটি গঠন করেছে। প্রতিষ্ঠানের ভিতরে বা বাহির থেকে কারা এই কাজ করেছে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

জানা গেছে, গবেষণা পরিচালনার পর বীমা খাতের ২০ কোম্পানিসহ ১০৪ কোম্পানিকে আলোচনা ব্যতীত মার্জিন ঋণ না দেওয়ার বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। এতে আতঙ্কে ছড়িয়ে পড়ে বাজারে। এরপর বীমা খাতের শেয়ারধারীরা তা বিক্রি করতে উঠেপড়ে লাগে। এর প্রভাব পড়ে বাজারে। তারই পরিপ্রেক্ষিতে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশাকে শুনানির জন্য বিএসইসিতে ডাকা হয়েছিল।