অনলাইনে হতে পারে এবারের ডিসি সম্মেলন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৩ ২০:০৬:৪২


মহামারি করোনা পরিস্থিতির কারণে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ভার্চুয়ালি (অনলাইন প্লাটফর্মে) হতে পারে।চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হলে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই ব্যবস্থায় ডিসি সম্মেলন হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রতিবছরের জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে এবার এখনো এই সম্মেলন আয়োজন করতে পারেনি সরকার। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই ডিসি সম্মেলন হয়েছে।

এ ব্যাপারে আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম জানান, ‘চলমান কোভিড-১৯ পরিস্থিতির যেহেতু উন্নতি হয়নি, সেজন্য ফিজিক্যালি জেলা প্রশাসক সম্মেলন করার কোনো সিদ্ধান্ত আপাতত নেই। যদি কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি না হয় তবে ভার্চুয়ালি হতে পারে। তবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ভার্চুয়ালি ডিসি সম্মেলন হবে।’

সানবিডি/এনজে/৮:০৫/১০.১৩.২০২০