বাংলাদেশ-জাপানের মধ্যে দৃঢ় সর্ম্পক বিদ্যমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৪ ১৮:১৪:৪৪
বর্তমানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বুধবার (১৪ অক্টোবর) জাপানের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী তারো আসোর সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারো আসো দুদেশের মধ্যে বিদ্যমান অটুট বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশকে সর্বদা সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে জাপানে স্বাগত জানান।
এ ব্যাপারে জাপান মিশন থেকে বুধবার (১৪ অক্টোবর) জানানো হয়, রাষ্ট্রদূত আহমদ উপপ্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জাপানে দায়িত্ব পালনকালে তার সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশের উন্নয়নে জাপানের বন্ধুসুলভ সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন এই সহযোগিতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে।
এছাড়া তারা বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জাপানি সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, করোনা মহামারি প্রতিরোধসহ দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সানবিডি/এনজে/৫:৫৭/১০.১৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














