ডিএসসিসিকে স্মার্ট সিটিতে রুপান্তরে সহযোগিতা করতে চায় ভারত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২০ ২০:৩৫:০৯


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে স্মার্ট সিটিতে রূপান্তর করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি আজ মঙ্গলবার সকালে ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে নগর ভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এ প্রস্তাব দেন। স্মার্ট সিটি নিয়ে ভারতীয় হাইকমিশনারের প্রস্তাবের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এ সময় একটি লিখিত প্রস্তাবনার অনুরোধ করেন। প্রত্যুত্তরে ভারতীয় হাইকমিশনার দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানান। বৈঠকে মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ মৌলিক সেবা কার্যক্রমের দৃশ্যমান পরিবর্তন সাধনে নেতৃত্ব দেয়ায় ভারতের হাইকমিশনার  ডিএসসিসি’র মেয়রকে অভিনন্দন জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ আয়োজনে ভারতীয় অ্যাথলেটদের অংশগ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনারের সহযোগিতা চেয়ে ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে উপলক্ষ করে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ আয়োজন করতে যাচ্ছি। সেই আয়োজনে ভারতীয় অ্যাথলেটদের দৃশ্যমান অংশগ্রহণের জন্য আপনার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। জবাবে ভারতীয় হাইকমিশনার বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় মেয়র বলেন, ভারতীয় লাইন অফ ক্রেডিট-এর আওতায় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তাবটি ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

সানবিডি/এনজে/৮:৩৩/১০.১৯.২০২০