ফেরার সম্ভাবনা সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৪ ১৯:৫৩:৫৯
ভারী বর্ষণের ফলে নিম্নচাপের প্রভাব অবশেষে কেটে গেছে। নামিয়ে ফেলা হয়েছে সংকেতও। রোববার ট্রলার চলাচল শুরু হলে কক্সবাজার কূলে ফেরার সম্ভাবনা রয়েছে সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের। এমনটি জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় কক্সবাজার সমুদ্রবন্দর দেখানো সংকেত নামিয়ে ফেলা হয়েছে। গত তিনদিন ধরে চলা বৃষ্টিপাতও থেমেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি হয়নি বললেই চলে। অল্পসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রোববারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে সংকেত না থাকলেও সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে।
এদিকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে দুই শতাধিক পর্যটক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকে পড়লেও তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে দাবি করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ। একই বক্তব্য দিয়েছেন, সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেক মাহমুদ।
সানবিডি/নাজমুল/৭:৫২/২৪.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














