কাল থেকে ভারতে ফ্লাইট চালু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২৭ ২০:২৬:৫৯
মহামারি করোনভাইরাসের কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। ভারতের দেয়া এয়ার বাবল প্রস্তাবে রাজী হওয়ায় বুধবার (২৮ অক্টোবর) থেকে ফ্লাইট চালু হবে।
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১২ মার্চ থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও আটকেপড়া উভয় দেশের নাগরিক। সম্প্রতি দুই দেশের সমঝোতার ভিত্তিতে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, পর্যটক ছাড়া ৯ ক্যাটাগরির যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন। এছাড়া চিকিৎসা ভিসায় একজন রোগীর সঙ্গে তিনজন সহযোগী যাওয়ার অনুমতি দেয়া হবে।
এ ব্যাপারে বেবিচক জানায়, বাংলাদেশের তিনটি ও ভারতের ৫টি বিমান সংস্থা কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাইয়ে ফ্লাইট পরিচালনা করবে। বাংলাদেশের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা এবং গোএয়ার নামে ৫টি এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইট পরিচালনা করবে।
সানবিডি/এনজে/৮:২৪/১০.২৭.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














