মোনাজাতে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির সমাপ্তি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০২ ১৬:১৮:১৭


মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে আইনশৃঙ্খলা বাহিনীর বেঁধে দেওয়া সীমানার মধ্যে মোনাজাতের মধ্য দিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি শেষ করেছে হেফাজতে ইসলাম। এই সময় তারা সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ে সরকার দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা।

আজ সোমবার (২ নভেম্বর) বেলা ১টার দিকে রাজধানীর আইনশৃঙ্খলা বাহিনীর বেঁধে দেওয়া সীমানা শান্তিনগর মোড়ে হেফাজতের ঢাকা মহানগরের আমির নূর হোসেন কাসেমী মোনাজাত এর মধ্য দিয়ে কর্মসূচির শেষ ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বাইতুল মোকাররম মসজিদ এলাকায় জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে মসজিদ অঙ্গন ছেড়ে দৈনিকবাংলা মোড়, পল্টন, বিজয় নগর এলাকায় ছাড়িয়ে যায় হেফাজতের নেতাকর্মীদের বিক্ষোভ।

তাদের এই ঘেরাও কর্মসূচিতে নানা ধরনের ব্যানার-প্ল্যাকার্ডসহ হেফাজতের নেতাকর্মীরা উপস্থিত হন। এসব ব্যানার-প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন’, ‘আই লাভ মোহাম্মদ’সহ বিভিন্ন স্লোগান।

হেফাজতের ঘেরাও কর্মসূচি চলাকালে পল্টন, বিজয় নগর এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে মিছিল শুরু হলে কাকরাইল, শান্তিনগর এলাকায়ও গাড়ি চলাচল বন্ধ থাকে। এসময় এই এলাকার লোকজনকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

সানবিডি/এনজে/৪:১৬/১১.০২.২০২০