ওমরাহ পালনে খরচ বাড়লো দ্বিগুন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৮ ১৫:৩৭:১০
বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসের কারণে সীমিত আকারে ওমরাহ হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। বিভিন্ন দেশের যাত্রীরা ইতিমধ্যেই ওমরাহ হজ পালনের জন্য সৌদিআরব গেলেও বাংলাদেশ থেকে এখনও ওমরাহ হজের কার্যক্রম শুরু হয়নি।
ধর্ম মন্ত্রণালয় ওমরাহ কার্যক্রম শুরু করতে বৈধ এজেন্সির তালিকা করার জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে। এর মধ্যে আগ্রহী এজেন্সিগুলোকে আবেদন করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের তালিকা প্রকাশের পর আগামী দুই সপ্তাহের মধ্যে এজেন্সিগুলো ওমরাহ কার্যক্রম শুরু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এজেন্সি মালিকরা।
এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, ‘ওমরাহ হজ পালনে এবার খরচের পরিমাণ প্রায় দ্বিগুন বাড়বে। ওমরাহ পালনের জন্য সৌদিআরব গিয়ে প্রত্যেক দেশের মুসল্লিদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেখানে প্রত্যেক মুসল্লি শুধুমাত্র একবার তিন ঘন্টার জন্য কাবা (হেরেম) শরীফে প্রবেশের সুযোগ পাবেন।’
সানবিডি/এনজে/৩:৩৭/১১.০৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













