সন্ধ্যায় বসছে মুজিববর্ষের বিশেষ অধিবেশন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৮ ১৬:২৭:৩৯


মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ২১ অক্টোবর একাদশ জাতীয় সংসদের এই দশম অধিবেশনটি আহ্বান করেন। ২০২০ সালের পঞ্চম এ অধিবেশনটিকে মুজিববর্ষের বিশেষ অধিবেশন হিসেবে আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

বিগত ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি ও ১৮ জুন সংসদে যে বিশেষ বৈঠক বসেছিল, সেখানে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল টিটো এবং ভারতের রাষ্ট্রপতি বরাহগিরি ভেংকট গিরি ভাষণ দিয়েছিলেন।

এই অধিবেশনের প্রথমদিনের বৈঠকটি চলবে সাধারণ অধিবেশনের আদলেই। অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হবে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে জারি করা অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। সংসদ অধিবেশন না থাকাকালে অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম বৈঠকে সেটি উপস্থাপনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সানবিডি/এনজে/৪:২৭/১১.০৮.২০২০