টিআইবির প্রতিবেদনে গবেষণার চেয়ে রাজনীতি বেশি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১২ ১৫:৪১:১৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক এক গবেষণাকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন । তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় টিআইবির সুশাসন বিষয়ক প্রতিবেদন যতটা গবেষণাধর্মী, তার চেয়ে বেশি রাজনৈতিক।’ তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংকালে এ অভিযোগ করেন।
প্রতিবেদনটি তীব্র নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এ গবেষণা পরিচালনা করা হয়েছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনায় করণীয় বিষয়ক গবেষণার সুপারিশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বলা হয়েছে এবং আরও একধাপ এগিয়ে হয়রানিমূলক সব মামলা তুলে নেওয়ার কথাও বলা হয়েছে। সমাজ গবেষকরা টিআইবির এই প্রতিবেদনকে গবেষণা না বলে রাজনৈতিক প্রতিবেদন হিসেবেই আখ্যা দিয়েছেন।’
টিআইবির প্রতিবেদনে উল্লিখিত স্বাস্থ্য খাতের অনিয়মের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার স্বতঃপ্রণোদিত হয়ে আগেই নানান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কোনও সংস্থা কিংবা কোনও দলের দাবি বা সুপারিশের পরিপ্রেক্ষিতে নয়। সরকার নিজ উদ্যোগেই সব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করছে।’
সানবিডি/এনজে/৩:৪১/১১.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














