হাইভোল্টেজ টেস্টিং ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৬ ১৮:০৪:২৪


দেশের বৈদ্যুতিক কাজে ব্যবহৃত সরঞ্জামের শুদ্ধতা নিশ্চিতে সরকার হাইভোল্টেজ টেস্টিং ল্যাবরেটরি প্রতিষ্ঠা করবে। সম্প্রতি প্রকাশিত বিদ্যুৎ আইনের গেজেটে এই কথা বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, এ ধরনের ল্যাব আরও আগেই প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন ছিল।

এখন হাইভোল্টেজের যন্ত্রাংশ পরীক্ষার কোনও সরকারি ব্যবস্থা নেই। সাধারণত বেসরকারি কোম্পানিগুলো নিজ উদ্যোগে এই ধরনের যন্ত্রাংশ পরীক্ষা করে থাকে। অন্যদিকে স্বল্প পরিসরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কিছু পরীক্ষা করে থাকে। তবে এটি পর্যাপ্ত নয়। বিদেশি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যেভাবে যন্ত্রাংশ পাঠায়, সেভাবেই স্থাপন করা হয়।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বলেন, দেশে এখন হাইভোল্টেজের যেসব যন্ত্রাংশ স্থাপন করা হয় তার বেশিরভাগই কোনও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই শুধু নির্মাতা প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস করে স্থাপন করা হয়। তবে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা প্রসারিত হচ্ছে। এখন আমরা অনেক যন্ত্রাংশ ব্যবহার করছি, যেগুলো হাইভোল্টেজের। অনেকক্ষেত্রেই নির্মাতা প্রতিষ্ঠান যে ভোল্টেজ লেভেল লিখে দেয়, তা ঠিক থাকে না। এর হেরফের হতে পারে। এতে করে সাধারণ ক্রেতা ঠকতে পারে। এজন্যই একটি বিশ্বমানের ল্যাবরেটরি থাকাটা জরুরি।

সানবিডি/এনজে/৬:০৩/১১.১৬.২০২০