আমনের বাম্পার ফলন, কৃষকের মাঝে খুশির জোয়ার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২৩ ১৪:৫১:২৫
রাজবাড়ী জেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকের পরিবারে বইছে খুশির জোয়ার। ইতোমধ্যে বেশ কিছু এলাকায় ধান কাটা শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে ধান কাটা শেষ হবে।
তবে সময় মতো রোদ-বৃষ্টি থাকায় রাজবাড়ীর পাংশা, কালুখালি ও গোয়ালন্দ সহ অনেক স্থানে অনাবাদি জমিতেও আবাদ হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়াতে কৃষকের পাশাপাশি আনন্দে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা।
জেলার পাংশা উপজেলার বাঘারচর গ্রামের কৃষক ফজলুল, মুক্তার বলেন, এবার ৮ একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। বাজারে ন্যায্যমূল্য পেলে ধানের ভর্তুকি দিতে হবে না। একই উপজেলার মাছপাড়া গ্রামের রাশেদ, দেলবরসহ অনেকেই বলেন, অন্য বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। আশা করি সঠিক বাজার মূল্য পেলে লাভবান হব।
জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাবুল বলেন, ২ একর জমিতে আমন ধান আবাদ হয়েছে। কৃষক সংকট থাকায় ধান কাটতে বিলম্ব হচ্ছে। একই এলাকার কৃষক মমিন ও সিরাজ জানান, কিছুটা ইঁদুরের উপদ্রব রয়েছে। যদি ইঁদুরের উপদ্রব না থাকতো তাহলে আমন ধানের ফলন আরও ভালো হতো। ১১-১২ বিঘা জমি চাষ করে ৪১-৪২ হাজার টাকা খরচ হয়েছে। উৎপাদন খরচ বাদেও চাষাবাদে লাভ হবে।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জানান, এপর্যন্ত জেলায় ৩৮ শতাংশ আমন ধান কাটা হয়েছে। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে সময় লাগছে। আমরাও ধান কাটার মেশিন দিয়ে সহযোগিতা করছি। আমন ধানের উৎপাদন নিয়ে তিনি বলেন, কৃষি বিভাগের সুষ্ঠু তদারকি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতো রোধ বৃষ্টি হওয়াতে এবার আমন ফসলে পোকার আক্রমণ এবং রোগবালাইয়ের প্রকোপ ছিল না। ফলে জেলায় সার্বিকভাবে আমন ধানের ফলন ভালো হয়েছে।
সানবিডি/নাজমুল/০২:৩৬/২৩.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













