১০ম গ্রেডে বেতন পাবেন ইউপি সচিবরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ১৫:২০:২৩


দেশের সকল ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছে। গ্রেড উন্নীতের জন্য ইউপি সচিবদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় স্থানীয় সরকার বিভাগ। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের কাছে চারটি তথ্য চাওয়া হয়। এই চারটি তথ্যের বিষয়ে মতামত দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।

গত ১৮ নভেম্বর মতামতের চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয় ইউনিয়ন পরিষদের সচিব পদ সরকারি রাজস্ব খাতভুক্ত কি না। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ইউপি সচিব পদ সরকারি রাজস্ব খাতভুক্ত নয়। তবে ইউপি সচিবের বেতনের ৭৫ শতাংশ সরকারের রাজস্ব খাত থেকে এবং অবশিষ্ট ২৫ শতাংশ ইউনিয়ন পরিষদের রাজস্ব খাত থেকে দেয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় ইউপি সচিব পদের স্বতন্ত্র নিয়োগবিধি আছে কি না জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগ জানায়, ‘ইউনিয়ন পরিষদ (পরিষদের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও চাকরির শর্তাবলী) বিধিমালা, ২০১১’ নামে ইউনিয়ন পরিষদ সচিবদের একটি স্বতন্ত্র নিয়োগবিধি আছে।’

সানবিডি/এনজে/৩:২০/১১.২৪.২০২০