চাঁদপুরে নদীতীর সংরক্ষণে ৫০ বছরের স্থায়ী প্রকল্প গ্রহণ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৪ ১৫:৩৫:৪৪


চাঁদপুরে নদীতীর বা বাঁধ সংরক্ষণের জন্য ৫০ বছরের স্থায়ী প্রকল্প গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেছেন, শুধু তাই নয়,আগামী বর্ষা শুরুর আগেই এধরনের উন্নয়নমূলক কাজ শেষ করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শনে এসে পানিসম্পদ উপমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, চাঁদপুর শহরে মেঘনাপাড়ের সাড়ে তিন কিলোমিটার নদীতীর সংরক্ষণে ৪২০ কোটির যে প্রকল্প নেওয়া হয়েছে তা আগামী বর্ষার আগেই সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সঙ্গে নিয়ে চাঁদপুর এবং শরীয়তপুরের জীবনমান উন্নয়নে এক সঙ্গে কাজ করতে চাই। কারণ, নদীর দুইপাড়ের মানুষের যে বন্ধন তা অনেক পুরনো।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পদ্ম সেতু, কর্ণফুলী ট্যানেল নির্মাণের পর সরকার তার মেয়াদ শেষের আগেই চাঁদপুর-শরীয়তপুর ট্যানেল নির্মাণে উদ্যোগ নেবে। যাতে যানবাহনের পাশাপাশি ট্রেন চলাচলের ব্যবস্থাও থাকবে। এর সম্ভাব্যতা যাচাইয়ে এর মধ্যে সমীক্ষা শুরু হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে পানিসম্পদ উপমন্ত্রীর সঙ্গে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জহিরউদ্দিন আহমেদ, চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম. নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে/৩:৩২/১১.২৪.২০২০