রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫১ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২৬ ১৩:৫০:১৯


 

করোনা সংক্রমণের দ্বিতীয় ওয়েভ ঠেকাতে ও জনসচেতনতা সৃষ্টি করতে রাজবাড়ী জেলা শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত ওই ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় ৫১ জনকে জরিমানা করা হয়েছে। সেই সাথে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার, রেজোওনা নাহিদ ও পিপুল সিকদার পৃথক পৃথক ভাবে রাজবাড়ী জেলা শহরের বড় বাজার, হাজি মার্কেট, রেলগেট, পান্না চত্বর, বড়পুল এবং সদর উপজেলার আলীপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই কার্যক্রম করেন। সে সময় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন পেশায় কর্মরত ৫১ জনের কাছ থেকে ১৩ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে মাস্ক বিতরণও করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, ভবিষ্যতে জনসাধারণ এই ব্যাপারে কোনো প্রকার অনীহা দেখালে জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি আরো কঠোর অবস্থানে যাবেন তারা। সেই সাথে প্রতিনিয়ত তাদের মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সানবিডি/নাজমুল/০১:৫০/২৬.১১.২০২০