নতুন তথ্য সচিব হিসেবে যোগ দিলেন খাজা মিয়া
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-৩০ ২২:২০:১১
তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন খাজা মিয়া। আজ সোমবার তিনি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেন। সোমবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাত ও তথ্য মন্ত্রণালয়ের সকলের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন সচিবকে অভিনন্দন জানিয়েছে।
১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য খাজা মিয়া এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে।
খাজা মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দশম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কাজ করেন। সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন।
তথ্য সচিব কামরুন নাহার আগামী ৩০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার প্রধান তথ্য কর্মকর্তা থাকার সময় প্রেষণে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হন। কামরুন নাহার নিজ ক্যাডার পদে ফিরে যাবেন। এজন্য ২৯ নভেম্বর সকালের মধ্যে তাকে তথ্য মন্ত্রণালয় থেকে অবমুক্ত করতে গত বুধবার আদেশ জারি করা হয়েছে।
সানবিডি/এনজে/৮:২৭/১১.৩০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














