রাজবাড়ী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গলদ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১২-০১ ১৪:৫৯:১২
রাজবাড়ীর পাংশা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ ৩০ বছর। এত বছর পার হলেও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ। রাস্তার পাশে খোলা জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে পৌরবাসী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাছে দাবি জানিয়ে আসছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ২১টি মহল্লা আছে। এ পৌরসভায় মোট জনসংখ্যা প্রায় ৩৮ হাজার। সড়কের পাশে ফেলা আবর্জনার দুর্গন্ধে চলাচলকারী লোকেরা নাকাল হন।
এলাকাবাসী ও পৌরসভা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, পাংশা পৌরসভায় কাগজ-কলমে দুটি ডাস্টবিন, একটি ডাম্পিং স্টেশন থাকলেও বাস্তবে এগুলোর অস্তিত্ব নেই। ট্রাক ও ভ্যান চালানোর লোকবল না থাকায় পৌরসভা কার্যালয়ের সামনে এগুলো বিকল হয়ে পড়ে আছে।
গত রবিবার ও সোমবার (২৯-৩০ নভেম্বর) পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, এখানকার পৌরবাসীরা ময়লা-আবর্জনা সড়কের পাশে, আবার অনেকে পার্শ্ববর্তী খাল ও পুকুরে ফেলছেন।
আবর্জনার স্তূপ বেশি হয়ে গেলে দুর্গন্ধে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়। আর পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে রিকশা-ভ্যানে করে যে আবর্জনা সংগ্রহ করা হয় তা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাশে কলেজমোড় এলাকায় নিয়ে ফেলা হচ্ছে। এ আবর্জনার স্তূপের কারণে মহাসড়কে চলাচলকারী মানুষকে নাক চেপে থাকতে হয়। তা ছাড়া পথচারীরা হেঁটে মহাসড়ক দিয়ে চলাচল করতে পারছে না। আবর্জনার স্তূপে মহাসড়কের জায়গা দিনকে-দিন সরু হয়ে যাচ্ছে।
সড়কের পাশের এক মুদি ব্যবসায়ী সানবিডিকে বলেন, “পৌর এলাকায় বর্জ্যব্যবস্থাপনা গড়ে না ওঠায় দুর্গন্ধে এলাকার পরিবেশ দুর্বিষহ হয়ে উঠেছে। এটি এখন পৌরবাসীসহ এখানদিয়ে চলাচলকারী মানুষের প্রধান সমস্যা।”
পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বলেন, “আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় প্রতিদিন আমাদের নাগরিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয়।”
পাংশা পুরান বাজার এলাকার বাসিন্দা ফিরোজ বলেন, “প্রতিটি নির্বাচনের আগে প্রার্থীরা ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনের পর সবাই তা ভুলে যান।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস সানবিডিকে বলেন, “এই পৌরসভার নাগরিকেরা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ। নাগরিকদের কথা বিবেচনায় নিয়ে পৌর কর্তৃপক্ষের উচিত অবিলম্বে বর্জ্যব্যবস্থাপনা গড়ে তোলা।”
সানবিডি/নাজমুল/০২:৫৪/০১.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













