সিআরও দৌড়ে এগিয়ে হোসেন সাদাত-অভিজিত কুমার সাহা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৪ ০৭:২৩:১০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) এগিয়ে আছেন গ্রামীণফোনের হেড অব পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত এবং মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি সিএফও অভিজিত কুমার সাহা এফসিএ। রোববার ডিএসইর নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি (এনআরসি) ছয়জনের সাক্ষাতকার নিয়েছে। তাদের মধ্যে থেকে প্রাথমিকভাবে তাদেরকে বাছাই করা হয়েছে।
ডিএসইর সূত্র মতে, একেএম জিয়াউল হাসান খান ২০১৩ সালের ১২ জুন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দেন। এরপর ডিএসইর ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) করা হলে সিআরও হিসেবে ২০১৪ সালের এপ্রিলে তিন বছরের জন্য নিয়োগ পান। প্রথম দফার মেয়াদ শেষে আরও তিন বছরের জন্য তার মেয়াদ নবায়ন করা হয়। এ বছরের এপ্রিলে তার দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। সময় শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এর পর থেকে ভারপ্রাপ্ত সিআরও হিসেবে দায়িত্ব পালন করছেন ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ।
সিআরও পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিলে এ পদের জন্য ২৩ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্য থেকে এনআরসি ছয়জন প্রার্থীকে বাছাই করে রোববার জুমের মাধ্যমে তাদের সাক্ষাতক্ষার নিয়েছে। সাক্ষাতকারের ভিত্তিতে প্রাথমিকভাবে কমিটির পছন্দের তালিকায় রয়েছেন গ্রামীণফোনের হেড অব পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত এবং মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি সিএফও অভিজিত কুমার সাহা এফসিএ। তাদের সঙ্গে আলোচনা করে পর্ষদের কাছে সিআরও পদের জন্য সম্ভাব্য প্রার্থীর নাম সুপারিশ করবে এনআরসি। এক্ষেত্রে বিএসইসির অনুমোদন সাপেক্ষে নিয়োগ চূড়ান্ত করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News, ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














