সিরাজগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১২-১৬ ১৩:৫৯:৩৫


 

বিজয় নিশান ওড়ানোর দিনে সিরাজগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক ফুটবল খেলোয়াড়দের এই সংগঠনটি।

শহীদ মিনারে আসার সময় হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ নিয়েছেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা, সবাই যেন মিলেছেন এক মোহনায়, শহীদ মিনারে।

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস; বিশ্বের হাতেগোনা যে ক’টি দেশের স্বাধীনতা দিবসের পাশাপাশি বিজয় দিবসের মতো উৎসবের উপলক্ষ রয়েছে, তার একটি বাংলাদেশ।

এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বিজয়ের এই উৎসব ভিন্ন বড় পরিসরে উদযাপনের কথা থাকলেও তাতে বাধ সেধেছে করোনাভাইরাস মহামারী।

তাই উৎসবের পরিসর হয়েছে সীমিত, আর যেসব কর্মসূচি রয়েছে, তাতে অংশ নেওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে সৃষ্ট পাকিস্তান থেকে ৪৯ বছর আগে আলাদা হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের যাত্রা শুরু হলেও স্বাধীনতার মূল চেতনায় বারবার এসেছে আঘাত। সে আঘাত পতিহত করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে স্বাধীন বাংলার ফুটবল খেলায়াড়রাও ঘরে বসে না থেকে লড়েছেন একসাথে।

সে সময়ে মুক্তির বারতা নিয়ে একাত্তরে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। স্মৃতির মানসপটে তুলে রাখা সে দিনগুলোকেই স্মরণে রাখতে শহীদ ফুটবল খেলোয়ড়দের স্মরণে গভীর শোক প্রকাশ করেন সিরাজগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জাতীয় দলের সাবেক ফুটবলার মাসুদ রানা ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এছাড়া শহীদদের স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি হাসান সফিক কল্লোলসহ রেজাউল করিম খোকন, মহিউদ্দিন ইবনুল সিরাজী,  ক্রীড়া সম্পাদক হাফিজুল ইসলাম, উপদেষ্টা সদস্য টিএম শাহজালাল, হামিদুল হক খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সানবিডি/নাজমুল