মোদিকে রক্ত দিয়ে লিখা চিঠি পাঠালেন কৃষকরা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৩ ১৯:৫৯:৫০
ভারতে সম্প্রতি পাস ও হওয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত দেশটির কৃষকরা এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন। মঙ্গলবার তারা প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে লেখা ওই চিঠি পাঠান। খবর আনন্দবাজারের।
ভারতের কৃষকরা গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন। এর পরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি।
এর আগে আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সিংঘু সীমান্তে রক্তদান কর্মসূচির আয়োজন করেন কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে প্রধানমন্ত্রী মোদিকে একাধিক খোলা চিঠি লেখেন তারা।
পাঠানো এই চিঠিতে লেখা হয়েছে– ‘নরেন্দ্র মোদিজি, সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেয়া ভোটে জিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাস করিয়ে কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি– এই তিনটি আইন ফিরিয়ে নিন।’
চিঠির পাশাপাশি রক্ত দিয়ে একাধিক স্লোগানও লিখেছেন কৃষকরা। তারা লিখেছেন– ‘কালাকানুন ফিরিয়ে নিন’, ‘কালাকানুন বাতিল করতে হবে’।
সিংঘু সীমান্তে মঙ্গলবার প্রায় শতাধিক কৃষক রক্তদান করেন। সেখান থেকেই রক্ত নিয়ে পোস্টার লেখা হয়। এর আগে এক শিখ নেতা আত্মাহুতি দিয়ে কৃষি আইন বাতিলের দাবি জানান।
সানবিডি/এনজে/৭:৫৭/২৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














