৬ জেলায় আজ শুরু হচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৪ ১৩:৩১:১২


দেশের ৬টি জেলায় আজ ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাসপোর্ট বা ই-পাসপোর্ট কার্যক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে আনুষ্ঠানিকভাবে চাঁদপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় একযোগে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন । উদ্বোধনের পর পাসপোর্ট প্রত্যাশীরা নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় মেশিন, মালামাল ও সফটওয়্যার স্থাপনের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের পাসপোর্ট অফিসের সুপারিন্টেনডেন্ট মো. মৃদুল ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

গত ১০ নভেম্বর থেকে চাঁদপুরসহ দেশের সব জেলায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিল পাসপোর্ট অধিদফতর। তবে নানা সীমাবদ্ধতার কারণে সেই সময়ে তা চালু করা যায়নি। দেরিতে হলেও ৬টি জেলায় একযোগে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন হচ্ছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে ভার্চুয়ালি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ৬ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন।

চাঁদপুর পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সকল মেশিন, মালামাল ও সফটওয়্যার ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। এই কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণও প্রদান করেছে ঢাকা থেকে বিশেষ টিম।

সানবিডি/এনজে/১২:৫৮/২৪.১২.২০২০