সিরাজগঞ্জে ৩ তলার ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-২৮ ১৭:০০:৫৫


সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে পরিছন নেছা (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিহত পরিছন নেছা শাহজাদপুর উপজেলার আরকান্দি গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, পরিছন নেছা ৩/৪ বছর ধরে তাঁত ব্যবসায়ী আফসার আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। বুধবার সন্ধ্যায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থনান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে রাতে পরিছন নেছার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে বলে জানান ওসি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।