২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৫২৫
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০২ ১৮:৪৪:৫৬
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। ১২ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ১৪৯ জনে।
গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬৩৫টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৭৮ হাজার ৬৪৯টি। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫২৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৩৬ হাজার ১০৭ জন।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮০ হাজার ৭২৮ জন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












