গৌরনদী হাইওয়েতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-০৬ ১৩:৫৫:৪৫
ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীতে সড়কের পাশে থামানো দুই ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের দুই চালক ও এক হেলপার নিহত হয়েছেন।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোর রাতে গৌরনদীর খাঞ্জাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক মেহেন্দিগঞ্জ উপজেলার চরতোলা এলাকার বাসিন্দা মো. আকতার (৩০), বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার মো. রাসেল (২২) ও হেলপার মঠবাড়িয়া উপজেলার সুহান (২২)।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঞা জানান, ভোর রাতের দিকে খাঞ্জাপুরে সড়কের পাশে যান্ত্রিক ত্রুটিযুক্ত বরিশালগামী একটি ট্রাক থামানো ছিল।
ওই ট্রাকের সমস্যা দেখতে বরিশালগামী আরও একটি ট্রাক সড়কের পাশে থামানো হয়। এ সময় বরিশালগামী একটি কাভার্ডভ্যান ট্রাক দুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যান্ত্রিক ত্রুটিযুক্ত ট্রাকের চালক আকতার ও হেলপার সুহানসহ অন্য ট্রাকটির চালক রাসেল নিহত হন। এই ঘটনায় তিনটি যানবাহনই পুলিশ হেফাজতে নেওয়া হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এই পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ তিনটির সুরতহাল চলছে। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













