মণিরামপুরের পিচের রাস্তায় কাঁদা জমে চলাচলে বিঘ্ন, বাড়ছে দূর্ঘটনা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-১০ ১৬:০৩:১১


যশোরের মণিরামপুরে ইট ভাটায় মাটি বহনের সময় সড়কে অতিরিক্ত মাটি জমে থাকায় চলালে বিঘ্নতা দেখা দিয়েছে।

জানা গেছে, মণিরামপুরের গুরুত্বপূর্ণ কিছু সড়ক দিয়ে ইটের ভাটার জন্য পরিবহনকৃত অতিরিক্ত মাটি পিচঢালা রাস্তায় পরে মাটির স্তর তৈরী হয়ে গেছে। এতে করে শীতের সকালে বা বৃষ্টি ভেজা রাস্তায় এটেল মাটি পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত চলাচলে বাধাগ্রস্ত ও দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, গত শনিবার রাতে ও রোববার সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে মণিরামপুরের পিচের রাস্তাগুলোতে কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে রাজগঞ্জ-পুলেরহাট সড়কে দুর্ঘটনার শিকার হয়েছে কয়েকজন পথচারী। যার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাটা মালিকদের শাস্তির দাবি ওঠে।

বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে ব্যবস্থা নিতে তিনি ইউএনওকে নির্দেশ দেন। সেই অনুযায়ী গত রোববার (৭ ফেব্রুয়ারি) রাস্তা পরিষ্কার করতে উপজেলার ৪২টি ভাটা মালিককে নির্দেশনা দেন ইউএনও সৈয়দ জাকির হাসান। নির্দেশনা পেলেও তা মানেননি মিম ভাটার মালিক।

নিদের্শ অমান্য করার অপরাধে দুই ভাটা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এই জরিমানা করেন।

দন্ডপ্রাপ্ত দুই ভাটা মালিক হলেন দোঁদাড়িয়া এলাকার সরদার ব্রিকসের মালিক রবিউল ইসলাম পাঁচ হাজার ও মাঝিয়ালী এলাকার মিম ব্রিকসের মালিক হাফিজুর রহমান পাঁচ হাজার।

আদালতের বেঞ্চসহকারী সাইফুল ইসলাম বলেন, ট্রাকে করে ইটভাটার মাটি টানার সময় রাস্তায় মাটি পড়ে। বৃষ্টি হলে সেই মাটি কাঁদা হয়ে জনগণেন চলাচল বাধাগ্রস্ত হয়। অনেকে দুর্ঘটনার শিকার হন। রাস্তা চলাচলে এমন বিঘ্ন ঘটালে আমাদের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে।