ফুল ফুটলেও হাসি ফোটেনি ব্যবসায়ীদের মুখে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১১ ১৪:৫৯:০৪
শীতের পর এসেছে বসন্তের আগমনী বার্তা।গাছের শাখায়-শাখায় হাজারো ফুলের সমারোহ জানিয়ে দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। দিন দুয়েক পরেই আসছে আনুষ্ঠানিক বসন্তবরণের দিন।
বাজারে ফুল বিক্রির মাধ্যমে অন্যের বসন্ত রঙিন করে তোলেন ফুল বিক্রেতারা। তবে এবছর বসন্তের সেই হাসি মেলতে পারেনি রাজশাহীর ফুল বিক্রেতাদের চোখে-মুখে।
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষা নগরীর প্রতিষ্ঠানগুলো। শহরে নেই শিক্ষার্থীরাও। থাকবে না বসন্তবরণের আনুষ্ঠানিক তেমন আয়োজন। তাই আশানুরূপ ফুল বিক্রি না হওয়ার শঙ্কায় বসন্তের রঙটাও যেন ফিকে মনে হচ্ছে তাদের কাছে।
রাজশাহী নগরীর ব্যস্ততম এলাকা সাহেববাজার। বাজারের জিরো পয়েন্ট থেকে আরডি মার্কেট পর্যন্ত রাস্তার ধার ঘেঁষে গড়ে উঠেছে হরেক ফুলের দোকান। সকাল থেকেই এগুলোতে লেগে থাকতো উপচে পড়া ভিড়। কিন্তু এখন ক্রেতাশূন্য না হলেও বিক্রি কমেছে কয়েক গুণ।
সরকারি-বেসরকারি দফতরের ধারাবাহিক অনুষ্ঠানের বাইরে তেমন কোনো অর্ডার নেই দোকানগুলোতে। সাধারণ ক্রেতাদের উপস্থিতিও নেই বললেই চলে।
মহামারির প্রকোপে ফুল বিক্রির ভরা মৌসুমেও আশানুরূপ ফুলের ক্রেতা নেই রাজশাহীতে। টানা ১১ মাসের মত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফুল বিক্রি অর্ধেকে নেমেছে বলে জানান দোকানিরা। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। তাতে অল্প দিনের মধ্যেই লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী ফুল ব্যবসায়ীরা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













