যে দোয়া পড়ে রাতে মারা গেলে নিশ্চিত জান্নাত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৩ ১৯:৫৫:২৭


আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে ক্ষণস্থায়ী এ পৃথিবীতে তার প্রতিনিধিরূপে প্রেরণ করে একমাত্র তারই ইবাদত করার নির্দেশ দিয়েছেন। নির্দেশ দিয়েছেন শয়তানের পদাংক অনুসরণ না করে একমাত্র তারই পথে জীবন পরিচালনার। কিন্তু দৈনন্দিন জীবনে পথভ্রষ্ট শয়তানের প্ররোচনায় ইচ্ছায়-অনিচ্ছায় কথা, কাজ ও ইবাদত-বন্দেগিতে আমরা অসংখ্য ভুল-ত্রুটি করে থাকি, আবার ইবাদতের যে হক আদায় করা আমাদের কর্তব্য তা পালনেও আমাদের গাফলতি অপরিসীম।

এমতাবস্থায় মারা গেলেও যেন আমরা জান্নাতে যেতে পারি সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এক অমূল্য দোয়া যা পাঠে যে কোন মুসলিম দিন রাতে যখনই মারা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য জান্নাত প্রাপ্তির ঘোষণা দিয়েছেন।
আর এ অমূল্য দোয়াটি হল সাইয়েদুল ইস্তিগফার পড়া।

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

অর্থ: “হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নি’য়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা কর।”

ফজিলত
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে (সকালে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইসতিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি রাতে (প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দু’আ পড়ে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে সে জান্নাতী হবে।
(আধুনিক প্রকাশনী- ৫৮৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৫৪) সহিহ বুখারী, হাদিস নং ৬৩০৬ হাদিসের মান: সহিহ হাদিস

আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও পরকালের চিরস্থায়ী জীবনের সফলতায় এবং ক্ষমা লাভে উল্লেখিত দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।