ফেনীতে বিস্কুট কারখানায় আগুন, ৩০ কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-২৫ ১৪:২৫:৪৮


ফেনীর সদর উপজেলায় স্টারলাইন গ্রুপের একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাশিমপুরে স্টারলাইন ফুড প্রোডাক্টস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকেরা বলেন, কারখানার কার্টনের ইউনিট থেকে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। নিচের দিক থেকে ওপরে দ্বিতীয় ও তৃতীয় তলার দিকে আগুন যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রমিকদের স্বজনেরা কারখানার সামনে ভিড় জমান। এ সময় ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ও র‍্যাবও উদ্ধারকাজে সহায়তা করেছে।

স্টারলাইন ফুড প্রোডাক্টসের পরিচালক জাফর আহমেদ দাবি করেন, আগুনে বাজারে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা কোটি কোটি টাকার শুকনা খাদ্য ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে তিনি জানান।