কাজীরহাট-আরিচা পাড়ে ফেরি চলাচলের উদ্বোধন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-২৭ ১৪:০২:১০


আবার চালু হলো পাবনা (নগরবাড়ী) কাজীরহাট-আরিচা ফেরি সার্ভিস। শনিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ নৌ-পথে ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী। বন্যা ও ফেরি স্বল্পতার অজুহাত দেখিয়ে এরুটে এক যুগ আগে বন্ধ করে দেয়া হয়েছিল ফেরি চলাচল।

কাজীরহাট-আরিচা ফেরি সার্ভিস চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষর চেয়ারম্যান কমডোর গোলাম সাদিক।

বিশেষ অতিথি ছিলেন, শামসুল হক টুকু এমপি, গোলাম ফারুক প্রিন্স এমপি, আহমেদ ফিরোজ কবীর এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান বিআইডব্লিউটিসি সৈয়দ তাজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

পাবনা-২ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ ফিরোজ কবির জানান, নগরবাড়ী (কাজীরহাট) ফেরিঘাটের বয়স ৫০ বছর পার হয়েছে। অথচ সেখানে ফেরি চলাচলই বন্ধ ছিল।

তিনি জানান, কাজীরহাট (নগরবাড়ী)-আরিচা রুটে ফেরি চলাচল চালু হয়ে যাওয়ায় নগরবাড়ীঘাট তার অতীত ঐতিহ্য ফিরে পাবে। নগরবাড়ীর ব্যবসা-বাণিজ্যকেন্দ্র ও নদীবন্দরের ঐতিহ্য ফিরিয়ে আনতে এ ফেরি সার্ভিস চালু অতি জরুরি ছিল।