নেত্রকোনায় চলছে বিসিক শিল্প পণ্য মেলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৭ ১৭:৪৮:৩৭


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয় নেত্রকোনার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১৫ দিনব্যাপী ‘বিসিক শিল্প পণ্য মেলা-২০২১’ শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিসিক নেত্রকোনা শিল্প নগরীতে এ মেলার উদ্বোধন করেন। বিসিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ মেলায় ৫০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য-সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জা-সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাত করা খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। বিসিক নেত্রকোনা থেকে উপকারভোগী ও প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তারাই মেলায় অংশগ্রহণ করছেন। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সানবিডি/এনজে