২২৮ কোটি টাকা পাচ্ছে ফ্লয়েডের পরিবার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৩ ১৪:২৯:৪২
মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া আলোচিত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন ডলার বা ২২৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলি নগর কর্তৃপক্ষ।
শনিবার (১৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জাল নোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে গত বছর ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ।
আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। পরে এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে বিক্ষোভ হয়।
ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেনজামিন ক্রাম্প বলেছেন, ‘এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুর মামলার সবচেয়ে বড় একটি প্রাক-বিচার নিষ্পত্তি। এই ক্ষতিপূরণ একটি শক্তিশালী বার্তা দেয় যে, কালো জীবনগুলোও গুরুত্বপূর্ণ এবং এই রঙের মানুষের বিরুদ্ধে পুলিশের বর্বরতার অবসান ঘটাতে হবে।’
ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে তিনি ও তার পরিবার সন্তুষ্ট। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের হৃদয় ভাঙার পরও আমরা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কীভাবে বেঁচে থাকতে হয়।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত ওই পুলিশ কর্মকর্তার বিচার আদালতে চলমান। তবে অভিযুক্ত ডেরেক চৌভিন আদালতকে বলেছেন, তিনি অপরাধী নয়। তিনি শুধু তার পুলিশের প্রশিক্ষণকে কাজে লাগিয়েছেন।
প্রসঙ্গত, গত বছর ২৫ মে জাল নোট ব্যবহারের অভিযোগে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে (৪৬) আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলি শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। এ ঘটনায় সারাবিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ওই সময় জোরদার হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














