ফিলিস্তিনি কিশোরকে ইসরাইলি আদালতের কারাদন্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৭ ১৫:১৪:৫২


অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলি পুলিশের দিকে পাথর নিক্ষেপ করার অভিযোগে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ইহুদিবাদী রাষ্ট্রটির একটি আদালত। কিশোরটির পরিবারের বরাতে মিডল ইস্ট আই এমন খবর দিয়েছে।

আবদুল্লাহ নামের ওই কিশোরটির মা জানান, গেল ছয় মাসের মধ্যে তার ছেলেকে অন্তত তিনবার কারাগার ও গৃহবন্দি হতে হয়েছে।

ইশাওইয়া অঞ্চলে তারা বসবাস করেন। এ এলাকায় প্রায়ই ইসরাইলি সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এখানে নিয়মিতই ফিলিস্তিনিদের বাড়িঘর মাটিতে মিশিয়ে দেয় ইসরাইলি হানাদারেরা।

ইসরাইলি পত্রিকা হারিৎস জানায়, স্থানীয় ফিলিস্তিনিদের হয়রানি ও উত্যক্ত করতে এ অঞ্চলে তৎপর থাকে ইসরাইলি পুলিশ। এর আগে গত নভেম্বরে একবার আটক হয়েছে আবদুল্লাহ।

তখন বেথেলহেমের কাছে আবু গুনেম পুলিশ স্টেশনে তাকে চারদিন অবস্থা করতে হয়েছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিনবেত তার বিরুদ্ধে তদন্ত করেছে।

সানবিডি/এনজে