ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্যে ৩৫ লাখ টাকা ছিনতাই
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৩-২১ ১৮:১৭:২০
শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার নূর হোসেনের (৬০) চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। রোববার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে।
নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে। তিনি শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার।
জানা যায়, নূর হোসেন তার ভাতিজা মোটরসাইকেলচালক লিটনকে নিয়ে ইজারার কিস্তির ৩৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য ব্রহ্মপুত্র সেতুর টোলঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুর শহরের ন্যাশনাল ব্যাংকে যাচ্ছিলেন। শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় ৫ সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পুলিশের পরিচয় দেয়।
এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেলচালক লিটনকে তার ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে। পরে ওই ছিনতাইকারীরা নূর হোসেনের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে দুটি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করেছে পুলিশ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













