বারাক ওবামার দাদি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৯ ১৯:১৭:২৪
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাদি সারাহ ওবামা মারা গেছেন। সোমবার তার কন্যা মারসাত ওনইয়াঙ্গে বলেন, আজ সকালে তিনি ঈশ্বরের কাছে চলে গেছেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর।
সারাহ ওবামা কেনিয়ার পশ্চিমাঞ্চলে থাকতেন। তিনি মামা সারাহ নামে স্থানীয়দের কাছে জনপ্রিয় ছিলেন। অসুস্থ হয়ে পড়লে কিসুমুর জারামোগি ওগিঙ্গা ওডিঙ্গা টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
পারিবারিক মুখপাত্র মুসা ঈসমাইল বলেন, গত এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি।
দাদির মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বারাক ওবামা।
গ্রামীণ নারী হিসেবে সাদামাটা জীবন যাপন করলেও স্থানীয় স্কুলে পরিজ ও ডোনাট সরবরাহের জন্য তিনি বিখ্যাত ছিলেন।
২০০৮ সালে তার সৎনাতি বারাক ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর চারদিকে তার নাম ছড়িয়ে পড়ে।
২০০৬ সালে ইলিনয়ের সাবেক সিনেটর ওবামা কেনিয়া সফরে যান। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সারাহ ওবামার বসতি পর্যটকদের আকর্ষণ স্থানে পরিণত হয়।
লেক ভিক্টোরিয়ার একটি গ্রামে ১৯২২ সালে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ওবামার দাদা হুসেন ওনয়াঙ্গো ওবামার তৃতীয় স্ত্রী ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














