নিখোঁজের তিনদিন পর মিললো শিশু মুরছালিনের লাশ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-১৯ ১৫:৩৩:৪৫
গত ১৬ মে নিজ গ্রাম সাঁজুরিয়া থেকে অপহরণ হয় রাজবাড়ীর পাংশা উপজেলার ছয় বছর বয়সী মুরছালিন। অপহরণের তিন দিন অতিবাহিত হওয়ার পর বুধবার (১৯ মে) নিজ গ্রামেই মিললো তার বস্তাবন্দি লাশ। মুরছালিন রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের নবাব মন্ডলের ছেলে।
বুধবার (১৯ মে) সকাল আনুমানিক ৯টার দিকে মনিরা নামের একজন প্রতিবেশী শিশু মুরছালিনের বাড়ির থেকে ১০০ গজ উত্তরে একটি পাট ক্ষেতে ঘাস কাটতে এসে দুর্গন্ধ পান। এরপর সে দুর্গন্ধের সূত্র খুঁজতে খুঁজতে মাছি আকৃষ্ট একটি বস্তা দেখতে পান। বস্তার কাছে যেতেই দুর্গন্ধ প্রকট হতে থাকে। এরপর সে চিৎকার করলে স্থানীয় বেশ কয়েকজন এগিয়ে আসে। এরপর মুরছালিনের পরিবারের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে বিষয়টি বুঝতে পারে যে এই বস্তার মধ্যেই রয়েছে তিনদিন ধরে নিখোঁজ তার ছয় বছরের শিশুপুত্র মুরছালিন।
উল্লেখ্য, সাঁজুরিয়া গ্রামের মোহাম্মদ ইউনুস মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে গত ১৬ মে সকাল সাড়ে সাতটার দিকে অজ্ঞাত একজন লোক মোটরসাইকেলে করে মুরছালিনকে সরিষা বাজারের দিকে নিয়ে যায়। স্থানীয়রা ভেবেছিলেন হয়তো তার আত্মীয়স্বজন ঈদ উপলক্ষে বেড়াতে এসেছে মুরছালিনদের বাসায়।
ঘটনা সূত্রে শিশু মুরছালিনের বাবা নবাব মন্ডল জানান, গত ১৬ মে সকাল ৭টার দিকে তিনি তাঁর ছোট ছেলে মুরছালিনকে সাঁজুরিয়া গ্রামে রেখে তাঁর বাবার পুরাতন বাড়িতে যান এবং ওই বাড়িতে ছেলেকে রেখে জমি দেখতে যান। পরে ছেলে বাড়িতে ফিরে না আসায় তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু বুধবার সকালে স্থানীয় কয়েকজনের মাধ্যমে তারা জানতে পারেন পাটক্ষেতে ফেলে যাওয়া বস্তাবন্দি লাশের কথা।
ঘটনা স্থল পরিদর্শনে আসেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। তবে এখনি এব্যাপারে কোনো প্রকার কথা বলতে রাজি হননি তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













