বন্দরে ১৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি রুখে দিলো গোয়েন্দারা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৪ ১৮:১২:৪৩
চট্টগ্রাম বন্দরে চীন থেকে শুল্কমুক্ত সুবিধার চালানে অবৈধভাবে বিদেশি ব্রান্ডের সিগারেট আমদানির মাধ্যমে প্রায় ১৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্ঠা রুখে দিয়েছে কাস্টমস গোয়েন্দারা।
বৃহস্পতিবার (৩ জুন) বন্দর থেকে ঘোষণা বহির্ভূত পণ্য নিয়ে কন্টেইনার খালাস করে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর (অডিট, ইনভেস্টগেশন এন্ড রিসার্চ) টিম কনটেইনারটি আটক করতে সক্ষম হয়।
পরে রাতেই কন্টেইনারটি কায়িক পরীক্ষার মাধ্যমে প্রায় ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
শুক্রবার (৪ জুন) সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেন।
বন্দর কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকার আমদানিকারক ভার্সেটাইল এটায়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে শুল্কমুক্ত সুবিধায় ক্লথিং এক্সেসরিজ আমদানির ঘোষণা দিয়ে এক কন্টেইনার পণ্য আমদানি করে। গত ২৮ মার্চ চীনের সাংহাই বন্দর থেকে জাহাজযোগে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে আসলে পণ্য খালাসের লক্ষ্যে আমাদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট- জয়িতা ট্রেড করপোরেশন বিল অব এন্ট্রি দাখিল করে।
পরবর্তীতে আলোচ্য পণ্যচালানের শুল্কায়ন কার্যক্রম শেষে গতকাল বৃহস্পতিবার পণ্যচালানটি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড হতে খালাসের জন্য কাভার্টভ্যানে তোলা হয়। এই সময় কাস্টমস গোয়েন্দারা গোপন সূত্রে জানতে পারেন ওই কনটেইনারে গার্মেন্টস এক্সেসরিজ নয়, ঘোষণা বহির্ভূত পণ্য রয়েছে। পরে কাস্টমস গোয়েন্দারা কনটেইনারটি আটক করে তল্লাশি চালান।
এই সময় ওই কন্টেইনারে পাওয়া যায়ু ৩০০ কার্টন বিদেশি সিগারেট। এতে বিদেশি ৩টি ব্যান্ডের মধ্যে ২০ লাখ শলাকা Esse, ২০ লাখ শলাকা Mond ও ২০ লাখ শলাকা Oris অর্থাৎ মোট ৬০ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। যার মোট নেট ওজন ৩০০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা। পণ্যচালানটিতে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট আমদানি করে আনুমানিক প্রায় সাড়ে ১৪ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













