ফরিদপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৬-০৪ ২০:০৬:৪১


ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর-ঢাকা মহাসড়কে একটি বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো একজন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর মুসলিম মিশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৪৫) ও ফরিদপুরের সালথা উপজেলার সবিরুন খাতুন (৫৫)।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার ফরিদপুর মুসলিম মিশনের সামনে সবিরুন নামের একজন পথচারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৪৫) ও সবিরুন খাতুন নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর হোসেনকে (৪৭) ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানবিডি/এএ