কুষ্টিয়ায় সুরক্ষিত গুদাম থেকে ৫২ টন চিনি উধাও
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৫ ২১:৪৮:৫৬
কুষ্টিয়া চিনিকলের সুরক্ষিত গুদাম থেকে রহস্যজনকভাবে ৫২ মেট্রিক টন চিনি উধাও হওয়ার ঘটনা ঘটেছে। গায়েব হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৭৬ হাজার টাকা। এ ঘটনায় চিনিকলের স্টোরকিপার ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিনি উধাও হওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটনে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেচেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাকিবুর রহমান খান।
এ ব্যাপারে জানা যায়, মাড়াই বন্ধ (বর্তমানে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে) কুষ্টিয়া চিনিকলের স্টোরে রক্ষিত চিনির পরিমাণ নির্ণয় ও পর্যবেক্ষণকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা ৫২ মেট্রিক টন চিনি ঘাটতি পান। মিলের গুদামে ১০০ টনের ওপর চিনি মজুত থাকলেও এখন আছে অর্ধেকেরও কম। বিষয়টি তাৎক্ষণিকভাবে মিলের এমডিকে অবগত করা হলে তিনি স্টোরকিপার ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া চিনি ও খাদ্যশিল্প করপোরেশন কর্তৃপক্ষকে চিঠি মারফত বিষয়টি অবহিত করেন।
এদিকে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) কল্যাণ কুমারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নিরাপত্তা বলয় ভেদ ও সুরক্ষিত গুদামে রক্ষিত বিপুল পরিমাণ চিনি কীভাবে গায়েব হলো তা নিয়ে চিনিকলের কর্মকর্তাসহ স্থানীয় জনমনে নানা প্রশ্ন উঠেছে। বিপুল পরিমাণ চিনি চুরির সঙ্গে মিলের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর একাংশ জড়িত বলে অনেকেই মন্তব্য করছেন। এ ঘটনায় এ পর্যন্ত থানায় মামলা হয়নি। মিল কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













